নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন ২০২৬) সকালে ফতুল্লার উত্তর চাষাড়া চানমারি মাউরা পট্টি এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম অপু (৪০)। প্রাথমিক তথ্যমতে, তাঁর বাড়ি খুলনা জেলায়। তিনি একটি গার্মেন্টসের মার্কেটিং বিভাগে চাকরি করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অপু ফতুল্লার ১২৮ নং উত্তর চাষাড়া চানমারি মাউরা পট্টিস্থ জাহাঙ্গীর আলমের তিনতলা বাড়ির তৃতীয় তলায় ব্যাচেলর হিসেবে একা ভাড়া থাকতেন।
বাড়ির মালিকের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ফ্ল্যাটের দরজা খোলা থাকা অবস্থায় আশপাশের প্রতিবেশীরা ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তারা ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লাশটি অর্ধগলিত ও বিকৃত অবস্থায় ছিল।
ফতুল্লা মডেল থানার এসআই আফতাব আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করেন। পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক ৩-৪ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা জোন, ডিএসবি জানায়, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাড়ির মালিক জানিয়েছেন, ভাড়াটিয়ার নাম ও জেলা ছাড়া অন্য কোনো বিস্তারিত ঠিকানা তাঁদের জানা নেই। নিহতের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply