নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যাওয়া শের-ই বাংলা ছাত্রাবাস ১৮ দিন পর শিক্ষার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল সোমবার থেকে ছাত্রাবাসটি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষের কক্ষে ছাত্রদল, ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও কলেজ প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ কলেজ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ছাত্রাবাস পুনরায় চালু, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে আজিজুল ইসলাম রাজীব বলেন, ছাত্রাবাসটি দ্রুত খুলে দেওয়ার বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবির একমত হয়েছে। ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও নির্ভয়ে ফিরে আসতে পারেন, সে বিষয়ে দুই সংগঠনই সহযোগিতা করবে। একই সঙ্গে ক্যাম্পাস ও ছাত্রাবাসের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে সহযোগিতা করা হবে।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, ৫ আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সৃষ্ট সমস্যা সমাধানের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বন্ধ ছাত্রাবাস পুনরায় চালু করা এবং অস্থায়ীভাবে বাইরে থাকা শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা।
তিনি বলেন, কলেজের অধ্যক্ষ আগামীকালের মধ্যে ছাত্রাবাস চালুর আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতে ছাত্রাবাসে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবির প্রশাসনকে সহযোগিতা করবে।
কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ জেলার অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। বিভিন্ন সময়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিলেও আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব।
তিনি জানান, ছাত্রাবাস পুনরায় চালুর বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে। তদন্ত কমিটির সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। একাডেমিক কাউন্সিলের অনুমোদন শেষে প্রয়োজনীয় নোটিশ জারি করে আগামীকাল থেকে ছাত্রাবাস খুলে দেওয়ার আশা করা হচ্ছে।
কলেজ প্রশাসন জানিয়েছে, বৈঠকে ছাত্রনেতারা ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলার বিষয়ে আশ্বাস দিয়েছেন। কলেজের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সব শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
যেভাবে বন্ধ হয়েছিল ছাত্রাবাস
এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিকেলে ইসদাইর এলাকায় অবস্থিত কলেজের শের-ই বাংলা ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ।
ওই সময় ছাত্রশিবিরের সমর্থকদের ওপর হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ ওঠে ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে।
পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে দুই ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সর্বশেষ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জামায়াতে ইসলামীর মহানগর নেতারা দুই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় রোববার কলেজ প্রশাসনের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাদের বৈঠকে ছাত্রাবাসটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজ প্রশাসনের প্রত্যাশা, ছাত্রাবাস চালুর মধ্য দিয়ে আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি কমার পাশাপাশি সরকারি তোলারাম কলেজের একাডেমিক কার্যক্রম ও সামগ্রিক পরিবেশ আরও স্বাভাবিক হবে।
Leave a Reply