নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ডুবে নিহত তিন স্কুলশিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় শোকাহত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাড়িমজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু আমাদের গভীরভাবে বেদনাহত করেছে। বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই কঠিন সময়ে আপনাদের পাশে রয়েছেন।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর ত্রাণ তহবিল থেকে নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি নিহত তিন শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও সোহেল রানা এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জহিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত রোববার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় স্কুলে না গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে তিন শিক্ষার্থী। একপর্যায়ে তারা নদীতে তলিয়ে যায়। পরে উদ্ধার অভিযানে জমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply