নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা কয়েকজন পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে উপজেলার কাঁচপুর খালপাড় চেঙ্গাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যান।
পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এসআরবি-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা গাঁজা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সোনারগাঁ থানায় জমা দেওয়া হয়েছে।
Leave a Reply