নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর এক সহযোগীকেও আটক করা হয়েছে। অভিযানে নগদ ৫২ হাজার ১৫০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিব হাসান রিফাত শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। তাঁর সহযোগী জাহিদ হাসান রনি (৩০) শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে রিফাতের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।
এদিকে স্থানীয়দের অভিযোগ, রিফাত দীর্ঘদিন ধরে শিমরাইল ট্রাক টার্মিনাল ও আশপাশের এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের বিস্তারিত জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, ইয়াবাসহ রিফাত ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply