নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জামাল উদ্দিন নামে এক ব্যক্তির বাম পা ভেঙে যাওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পারহাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারহাউজের সামনে একটি অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা কয়েকজন আহত হন।
দুর্ঘটনার পর জামাল উদ্দিন গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। জামাল উদ্দিনের বাড়ি পটুয়াখালী বলে জানা গেছে।
অটোরিকশার চালক রুবেল জানান, সংঘর্ষের পর জামাল উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা ঢাকা মেট্রো-ন ১৫-৫৪১৭ নম্বরের পিকআপভ্যানটি দেখতে পান। গাড়িটির চালকের সঙ্গে কথা বললে তিনি জানান, পিকআপভ্যানটিতে ইপিজেডের এপিক কোম্পানির কেমিক্যাল রয়েছে। তবে কেমিক্যাল পরিবহনের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আহতদের বিষয়ে খোঁজ নেন এবং আহত জামাল উদ্দিনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক মুঠোফোনে জানান, এসআই শামীম উদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
দুর্ঘটনায় আহত অপর পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Leave a Reply