নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নগরপাড়া বাজার, গঙ্গানগর নামাপাড়া গ্রাম ও তারাবো দক্ষিণপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাদিম মিয়া (৩৪), মো. ইমরান হোসেন (২৭), মো. মুস্তাকিম (১৯), মো. রাব্বি হাসান (৩০) ও মো. নাদিম (২০)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল রূপগঞ্জ ও তারাবো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পৃথক স্থান থেকে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়। একই সঙ্গে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১-এর দাবি, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হিসেবে তথ্য পাওয়া গেছে। তাঁরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক বহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১১।
Leave a Reply