মনগড়া সংবাদে বিভ্রান্ত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগসংক্রান্ত কয়েকটি সংবাদ নিজের দৃষ্টিগোচর হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
এ বিষয়ে তিনি বিএনপির নেতাকর্মীদের মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের পোস্ট, কমেন্ট বা প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
মাসুকুল ইসলাম রাজীব বলেন, “আমি বিএনপির একজন সাধারণ কর্মী। আমাদের নেতা ও অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর যেকোনো সিদ্ধান্ত আমাদের জন্য চূড়ান্ত।”
তিনি আরও বলেন, দলের সাংগঠনিক বিষয়ে নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। কোনো মনগড়া সংবাদ বা অসমর্থিত তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো মন্তব্য করা উচিত নয়, যা দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
দলের বৃহত্তর স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার আহ্বান জানান মাসুকুল ইসলাম রাজীব।
Leave a Reply