“আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। পরে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এবারের বিশ্ব বসতি দিবসে “জলাবদ্ধতামুক্ত নগর, স্বস্তির জীবন”, “প্রকৃতি বাঁচিয়ে নগর গড়ি”, “নিরাপদ আবাসন সবার প্রয়োজন” এবং “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন”—এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিকল্পিত নগরায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। অপরিকল্পিতভাবে নগর সম্প্রসারণের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি সংস্থার পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “বিশ্ব বসতি দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করার অঙ্গীকার। আজকের পরিকল্পনাই নির্ধারণ করবে আগামী দিনে আমাদের শহর কতটা বাসযোগ্য হবে। জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ে তুলতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন, “অপরিকল্পিত নগরায়নের কারণে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা ও যানজট বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আমরা প্রকৃতিকে রক্ষা করে একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে চাই। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে। এতে জলাধার সংরক্ষণ, উন্মুক্ত স্থান রক্ষা এবং নিরাপদ আবাসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি বাসযোগ্য ও টেকসই নারায়ণগঞ্জ গড়ে তুলতে সরকারি সংস্থার পাশাপাশি নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন।”
বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই নগর রেখে যেতে হলে এখন থেকেই সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এজন্য পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাধার ও উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
Leave a Reply