নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল দোয়া মাহফিল, উপহার প্রদান ও কেক কাটার আয়োজন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানের প্রাথমিক শাখার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার সামিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাজহারুল আলম খান পাভেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সহকারী শিক্ষক ফেরদৌসী আক্তার ও শোহিবা আক্তার এবং কলেজ শাখার প্রভাষক মুহাম্মদ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীরা কেক কাটায় অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. মাজহারুল আলম খান পাভেল বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয়। বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে তাদের শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়েছিল প্রাথমিক শিক্ষা দিয়ে। এ পর্যায় অতিক্রম করে তারা এখন জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এই বিদায় শিক্ষাজীবনের সমাপ্তি নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার নতুন যাত্রার সূচনা।
তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শিষ্টাচার, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে হবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে এবং তাদের মেধা ও মননের বিকাশে সচেতন ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় আন্তরিকভাবে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার সহকারী শিক্ষক রিপা আক্তার, তানিয়া ইসলাম মুনা, রিফাত সুলতানা, সাদিয়া আফরিন, তাহরিম আরবী, উমা রাণী বর্মন, আলভী কবির ও অনন্যা মল্লিক বৃষ্টিসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply