নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মানিক ওরফে নয়ন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে ফতুল্লা থানাধীন শান্তিধারা (সাইনবোর্ড) এলাকার ৬ নম্বর রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ খালেদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় শান্তিধারা এলাকার জনৈক মিজানুর রহমান খোকনের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মানিক ওরফে নয়নকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মানিক ওরফে নয়ন চাঁদপুর সদর থানার সাকুয়া (চাঁদপুর পুরান বাজার) এলাকার আলমাছ মোল্লার ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার শান্তিধারা (সাইনবোর্ড) এলাকায় বসবাস করতেন।
অভিযানে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
Leave a Reply