নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পিত নগরায়ণ, অপরিকল্পিত আবাসন ও নগর সম্প্রসারণ নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)। নতুন এ কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার ও উন্নয়ন কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খানপুর ঈসাখাঁ সড়কে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের নিজস্ব প্রয়োজন, বাস্তবতা ও সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবে এনডিএ। এর মাধ্যমে একটি পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
জাকারিয়া তাহের সুমন বলেন, “এই সরকারের সময় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আইন পাস হয়েছে। এখন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। রাজউক ও এনডিএ এই সরকারের অংশ। জনগণের সুবিধার জন্য যা করা প্রয়োজন, তাই করা হবে। নারায়ণগঞ্জবাসী যেন আরও বেশি সেবা পায় এবং একটি পরিকল্পিত নগর গড়ে তোলা যায়, সেই লক্ষ্যেই এটি করা হয়েছে।”
তিনি আরও বলেন, রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা ও বিশেষায়িত পরিকল্পনা প্রণয়ন করা হবে। সেই পরিকল্পনার আলোকে নগর উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা জানান, নারায়ণগঞ্জ ও সংলগ্ন এলাকায় পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যেই এনডিএ গঠন করা হয়েছে। ভূমির প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে।
এনডিএর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি পরিকল্পিত, বাসযোগ্য ও আধুনিক নগর গড়ে তুলতে কাজ করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। নগর উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নাগরিকদের আইনগত অধিকার ও সেবা নিশ্চিত করাকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়, বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং নাগরিক অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হবে। নারায়ণগঞ্জকে একটি সুপরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ধাপে ধাপে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গত ২৪ আগস্ট নগরীর বিভিন্ন ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনের মধ্য দিয়ে মাঠপর্যায়ে কার্যক্রমে অংশ নেন এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। এর মাধ্যমে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই নগর ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি সামনে আসে।
জানা যায়, নারায়ণগঞ্জে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালের শেষ দিকে। তৎকালীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়।
পরবর্তীতে চলতি বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ-সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। এরপর ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এনডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে এখন থেকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পৃথক এই উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রমের ফলে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ, ভূমি ব্যবহার, আবাসন ও অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমন্বিতভাবে মোকাবিলা করা সম্ভব হবে। পাশাপাশি পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের জন্য আরও বাসযোগ্য ও টেকসই নারায়ণগঞ্জ গড়ে তোলার পথ সুগম হবে।
Leave a Reply