নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় পরপর দুই দিন শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে রোববার (২৩ আগস্ট) কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানায়। শনিবার ও রোববার কারখানাটির নতুন ভবনে কাজ করার সময় কয়েক দফায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।
কারখানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ করার সময় এক নারী শ্রমিক হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে করতে অসুস্থ হয়ে পড়েন। এরপর একে একে আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন।
একপর্যায়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত ইপিজেডের অভ্যন্তরে অবস্থিত বেপজা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই সেদিন কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
রোববার সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর আগের দিনের মতোই আবারও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষের দাবি, এদিন প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন বলেন, “সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু আগের দিনের মতো আবারও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা কী কারণে এভাবে অসুস্থ হয়ে পড়ছেন, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।”
এদিকে, শ্রমিকদের মধ্যে এ ঘটনাকে ঘিরে আতঙ্ক ও নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছে। তাদের কেউ কেউ কারখানার ভেতরে রহস্যজনক কোনো সমস্যার কারণে এ ঘটনা ঘটছে বলে আশঙ্কা করছেন।
আদমজী ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, শনিবারের ঘটনার পর নির্ধারিত সময়ের আগেই কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। রোববারও একই ধরনের ঘটনা ঘটায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কারখানাটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, “কারখানা পরিদর্শন করে বায়ুপ্রবাহ বা অন্য কোনো প্রত্যক্ষ সমস্যা চোখে পড়েনি। তবে শ্রমিকদের অসুস্থতার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ উদঘাটনে কাজ চলছে। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আপাতত কারখানা বন্ধ রাখা হয়েছে।”
কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অসুস্থতার কারণ শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply