নিউজ ২৪ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে হত্যার শিকার হয়েছেন মো. সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিককে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোদনাইল ক্যানেলপাড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি একটি তেলবাহী গাড়ির চালকের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তের বরাতে ওসি এমদাদুল বলেন, গোদনাইল ক্যানেলপাড় এলাকায় কয়েকজন ব্যক্তি সজীবকে মারধর করে। এক পর্যায়ে হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই পরিবহন শ্রমিক।
খবর পেয়ে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। টাকা পয়সার লেনদেন নিয়ে কয়েকজনের সঙ্গে নিহতের দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পেয়েছি। কয়েকজনের নাম আমরা জেনেছে। তদন্ত চলছে।”
তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি।
Leave a Reply