নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। কর্মসূচির প্রথম দিনে আজ বুধবার (১ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর এলাকার নবীগঞ্জ কবরস্থানে এই আন্দোলনের অন্যতম শহীদ আবুল হাসান স্বজনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের জাতির জন্য এক অমূল্য প্রেরণা। এই চেতনাকে প্রজন্মের পর প্রজন্মের কাছে জীবন্ত রাখতেই আমরা জুলাই মাসের প্রথম দিন থেকে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। শহীদ আবুল হাসান স্বজনের আত্মত্যাগ আমাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ।”
কর্মসূচির পরিকল্পনা সম্পর্কে তিনি আরও জানান, মাসব্যাপী এই উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের সকল জুলাই শহীদের কবর জিয়ারত করা হবে। পাশাপাশি আন্দোলনে আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন কিংবা সুস্থ হয়েছেন, তাদের সঙ্গেও সাক্ষাৎ ও কুশল বিনিময় করা হবে। শহীদ ও আহতদের এই মহান আত্মত্যাগের স্মৃতি যেন মুছে না যায়, সেটি নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এ সময় বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমীর হোসেনের নেতৃত্বে যুবদল নেতা রানা মুন্সী, মো. মুসা, সুমন ভূঁইয়া, রাসেল আহম্মদ মনির, কুতুবউদ্দিন, নুরুল্লাহ খন্দকার, কামরুল হোসেন, সেলিম ও ইসলাম মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাদের স্মৃতি রক্ষায় সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতাকর্মীরা।
Leave a Reply