নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকালে জেলা রাজস্ব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলিনুর খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শামীমসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন, ভূমি সেবায় হয়রানি বন্ধ এবং জনসেবা দ্রুত ডিজিটালাইজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে। ভূমি উন্নয়ন কর, খাজনা এবং সরকারি পাওনা আদায়ে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়। জনগণ যাতে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পান, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় জেলার বিভিন্ন উপজেলার রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ভূমি অফিসগুলোতে ই-নামজারি, অনলাইনে খাজনা আদায় এবং নাগরিক সেবা আরও দ্রুত ও সহজ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া জেলার রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য ও অগ্রগতি তুলে ধরেন। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের আহ্বান জানান।
সভা শেষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জকে একটি রাজস্ববান্ধব ও জনসেবামুখী জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply