নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন নদীবন্দর দিয়ে পরিবহন ও বিতরণকৃত সারের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে সার ব্যবস্থাপনা সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সভাপতিত্ব করেন। সভায় জেলার সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও সার পরিবহন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় নদীবন্দরসমূহে সার পরিবহন, খালাস, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি সারের যথাযথ সংরক্ষণ, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রাখা এবং কৃষকদের জন্য নির্ধারিত সার যথাসময়ে ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পরিবহন ও বিতরণ প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
Leave a Reply