আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে উদযাপনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগের প্রশংসা করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন। তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে মহানগর বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতার আশ্বাসকে তিনি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতি কমিউনিটি সেন্টারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিখণ সরকার শিপন বলেন, মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে একত্রিত হয়েছেন। ৫ আগস্টের পর থেকেই হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানো এবং দুর্গোৎসব নির্বিঘ্ন করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে একাধিক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে তাঁরা মনে করেন। পাশাপাশি, গত সরকারের সময়ে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিখণ সরকার শিপন।
পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তার বিষয়ে তিনি জানান, জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ২৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিখণ সরকার শিপন বলেন, “ধর্ম যার যার, দেশ সবার। নিরাপত্তাও সবার।” সবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই মহানগর বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা যেভাবে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন, তা তাঁরা স্মরণ রাখবেন। বিভিন্ন পরিস্থিতিতে তাঁদের সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবারের শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন; আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, মাকিত মোস্তাকিম শিপলু, হুমায়ূন কবির ও কামরুল হাসান চুন্নু সাউদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদক সাহা, সহসভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, বাপ্পী রায় চৌধুরী, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী এবং মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাধীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply