নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৭১ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও এককালীন নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীকে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরির লক্ষ্যে একটি করে ফলজ গাছের চারা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। জেলা পরিষদের সচিব রামানন্দ পাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি রয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধার বিকাশে সহযোগিতা করা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারায়ণগঞ্জ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকলেও নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা এ জেলার রয়েছে। সেই লক্ষ্য থেকেই কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
ভবিষ্যতে বোর্ড পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জ জেলা প্রথম স্থান অর্জন করবে—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষা, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে যারা প্রতিভার স্বাক্ষর রাখছেন, তাদের খুঁজে বের করে সম্মানিত করা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য জেলা পরিষদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় ১২০২ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী বায়েজিদ ইবনে ওবায়েদ বলেন, নিজ জেলার জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সংবর্ধনা পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার ভালো ফলাফলের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অমিত হাসান বলেন, এ ধরনের আয়োজন তার আগে দেখা হয়নি। জেলা পরিষদের এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আনন্দের পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এমন উদ্যোগ নেওয়ার জন্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply