নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সময়ে নিজেদের যেভাবে প্রস্তুত করা হবে, আগামীতে দেশ ও সমাজে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারই প্রতিফলন দেখা যাবে।
রোববার (১৯ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের দ্বারা আগামীতে দেশ ও সমাজ কী সেবা পাবে, তা নির্ভর করছে এখনকার প্রস্তুতির ওপর। তাই লেখাপড়ার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে এমপি আবুল কালাম বলেন, তার বাবাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় প্রতিদিন জাতীয় সঙ্গীতের পর ক্লাস শুরু হতো এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে টিফিনে এক গ্লাস দুধ দেওয়া হতো। এছাড়া মাসে দুইবার ডাক্তার এসে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতেন।
তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থী স্কুলের সময় বাইরে ঘোরাফেরা করে এবং সন্ধ্যার পরও বিভিন্ন স্থানে আড্ডা দেয়। “সন্ধ্যা সাতটার পর এলাকার হাসপাতালের সামনে স্ট্রিট ফুডের দোকানে অনেক শিক্ষার্থীকে বসে থাকতে দেখা যায়। তারা পড়াশোনা করবে কখন?”—প্রশ্ন রাখেন তিনি।
এমপি আরও বলেন, চিত্তবিনোদনের প্রয়োজন থাকলেও তাতে আসক্ত হওয়া উচিত নয়। তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সচেতন ভূমিকা পালন করেন।
বিজ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আধুনিক বিশ্বে বিজ্ঞানের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী ১০-১৫ বছরে কর্মসংস্থানের ধরন বদলে যেতে পারে, তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সরকারি তোলারাম কলেজের অধ্যাপক মো. শহিদুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
Leave a Reply