নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
আইনজীবী ফোরাম, নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট সামছুন নূর (বাঁধন)। সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, দীর্ঘদিনেও সম্মেলনের তারিখ নির্ধারিত না হওয়া এবং নেতৃবৃন্দের মধ্যে উপদলীয় কোন্দলের অভিযোগ তুলে তিনি এ পদত্যাগপত্র দিয়েছেন।
সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে দেওয়া পদত্যাগপত্রে অ্যাডভোকেট সামছুন নূর উল্লেখ করেন, ২০২৫ সালের ২৭ মার্চ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত আইনজীবী ফোরাম, নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব লাভ করেন। কমিটি গঠনের তিন মাসের মধ্যেই সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানানো হলেও এখনো সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়নি।
পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের একাংশ, যাঁরা পেশায় আইনজীবী, ফোরামের অভ্যন্তরীণ কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন উপদলীয় কোন্দলে জড়িয়ে পড়েছেন। এর ফলে আইনজীবী ফোরামের পাশাপাশি বিএনপির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি দাবি করেন।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কর্মকর্তাবৃন্দ এবং পাবলিক প্রসিকিউটর (পিপি)-সহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিকে নানাভাবে নাজেহাল ও অপদস্থ করা হচ্ছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।
অ্যাডভোকেট সামছুন নূর বলেন, ফোরামের একটি দায়িত্বশীল পদে থেকেও সংগঠনের জন্য গঠনমূলক কোনো ভূমিকা রাখতে না পারায় তিনি নিজেকে অসহায় বোধ করছেন। এ পরিস্থিতিতে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি।
তবে সংগঠনের পদ থেকে পদত্যাগ করলেও বিএনপির সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন অ্যাডভোকেট সামছুন নূর। তিনি নিজেকে বিএনপি পরিবারের একজন সদস্য হিসেবে উল্লেখ করে বলেন, ফোরামের পদ থেকে সরে দাঁড়ালেও তিনি আমৃত্যু বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে থাকবেন।
Leave a Reply