নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল উইনসেরেক্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবু সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় কামালনগর এলাকায় মনির হোসেনের একতলা ভবনসংলগ্ন পশ্চিম পাশের একটি কক্ষ থেকে ১০ বোতল উইনসেরেক্স ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লার সদর উপজেলার মজলিশপুর গ্রামের মনির হোসেন (৪০), যশোরের চৌগাছা উপজেলার সিংহজুলি গ্রামের রাব্বী হোসেন (২৬) এবং মনির হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩৬)। তাঁরা সবাই রূপগঞ্জের কামালনগর এলাকায় বসবাস করতেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply