নারায়ণগঞ্জের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আকরাম হুসাইন নিহত হয়েছেন। এ ঘটনায় একই মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু হানিফসহ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের নেতা মুফতি শেখ শাব্বীর আহমাদ জানান, মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানে গোসল সম্পন্ন করার পর মাওলানা আকরাম হুসাইনের মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর এলাকায় নেওয়া হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ দেখতে মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানে ছুটে যান নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি শেখ শাব্বীর আহমাদ, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকীম দিফাঈ এবং উলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বীর আহমদ। এ সময় বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত হন।
এদিকে, দুর্ঘটনার জন্য দায়ী চালককে দ্রুত আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ উলামা পরিষদ, খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
Leave a Reply