নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে রাজি না হওয়ায় একটি পরিবারের বসতবাড়ি ও স্বজনদের স্থাপনা ভেকু (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। তবে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে ঘটনার পর ভুক্তভোগীদের বাড়ি পরিদর্শনে যান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ সময় মামলার এজাহারভুক্ত কয়েকজন আসামিকে ঘটনাস্থলে প্রকাশ্যে দেখা যাওয়ার অভিযোগ উঠেছে। সংসদ সদস্য ও পুলিশের উপস্থিতিতে মামলার আসামিদের এমন অবস্থান ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সংসদ সদস্যের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মামলার ১৩ নম্বর আসামি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব এবং ১২ নম্বর আসামি মো. প্রিতমের বাবা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। তাঁদের দাবি, মামলার আসামিদের প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা গেলেও পুলিশ এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, মামলার আসামিরা যদি পুলিশের উপস্থিতিতেই প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারেন, তাহলে তদন্তের নিরপেক্ষতা ও ভুক্তভোগীদের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে?
স্থানীয়দের আরও অভিযোগ, মাহাবুব দীর্ঘদিন সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তাঁর ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও হয়রানির অভিযোগ রয়েছে। গিয়াসউদ্দিনের রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার পর মাহাবুব নতুন করে সংসদ সদস্য মান্নানের ঘনিষ্ঠতা ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ তাঁদের।
অন্যদিকে মনিরুল ইসলাম রবির ছেলে প্রিতমের বিরুদ্ধেও মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ এবং পাইকারি ও খুচরা বিক্রির সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, এর আগেও তাঁরা তিনবার থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বরং অভিযুক্তদের সঙ্গে পুলিশের সখ্যতা গড়ে ওঠায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
ভুক্তভোগীদের দাবি, আগের অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়া হলে এমন ভয়াবহ ঘটনা এড়ানো সম্ভব হতো। পুলিশের আশ্বাসের মধ্যেই অভিযুক্তরা রাতের আঁধারে তাঁদের বসতবাড়ি ও স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এতে তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তাঁদের দাবি, ভাঙচুর, লুটপাট ও অন্যান্য ক্ষয়ক্ষতি মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি।
এ ঘটনায় সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এসআরবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপ ও নজরদারি দাবি করেছেন ভুক্তভোগীরা।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের শেষভাগে ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর রোডের মা ভিলা নামের বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন সুলতানা। প্রায় ছয় মাস ধরে অভিযুক্তদের একজন শাহিন তাঁকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।
সুলতানার অভিযোগ, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ অভিযুক্তরা তাঁদের বাড়িতে প্রবেশ করেন। এরপর ভেকু দিয়ে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র, পোশাক ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। পাশাপাশি বাড়ির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
একই সময়ে তাঁর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। সেখান থেকে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ও ভবনসংবলিত বেকারিটিও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সে থাকা ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলার সময় বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয়। কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
মামলায় এজাহারভুক্ত ১৪ আসামি হলেন—মো. শাহিন স্বর্ণকার (৪০), মো. সজীব (৪০), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), মো. কাদের (৩০), মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. হৃদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর মঙ্গলবার রাত পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়া এবং সংসদ সদস্যের পরিদর্শনকালে এজাহারভুক্ত আসামিদের উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা দ্রুত আসামিদের গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Leave a Reply