নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান হিসেবে পরিচিত মো. আসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই অভিযানে তাঁর সহযোগী হিসেবে পরিচিত মো. আলমগীরকেও (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসলাম বন্দরের মনারবাড়ী এলাকার মৃত আলী হোসেনের ছেলে। অন্যদিকে, আলমগীর নোয়াদ্দা এলাকার আবদুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করে। একই দিনে এসআই লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের অপর একটি দল অভিযান চালিয়ে তাঁর সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ২০২৪ সালের ১ অক্টোবর বন্দর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় (মামলা নম্বর-২, জিআর নম্বর-৩০৪) আসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্যান্য অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply