নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
এর আগে একই দিন বিকেল ৩টার দিকে বিয়ার পানের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লা বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ডোপ টেস্টের মাধ্যমে তাঁর বিয়ার পানের প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনার পরপরই দল থেকে তাঁর বহিষ্কারের সিদ্ধান্ত আসে। তবে কেন্দ্রীয় কমিটির বহিষ্কারাদেশে বিয়ার পানের বিষয়টি উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলী আহম্মেদকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক কিংবা ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা অমান্য করায় রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মেদকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সিদ্ধান্তে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply