নিউজ ২৪ নারায়ণগঞ্জ
মো: মিঠুন মিয়া (বিশেষ প্রতিনিধি)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের শুভেচ্ছা ও বার্তা পৌঁছে দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কার্তিক ঘোষ। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দুর্গোৎসবের অষ্টমীতে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা রাম কানাই আখড়া পূজামণ্ডপ, উকিলপাড়া হোসিয়ারি পূজামণ্ডপ, নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া, শিব মন্দির পূজামণ্ডপ ও শীতলক্ষ্যা পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন কার্তিক ঘোষ।
পরিদর্শনকালে তিনি মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে দুর্গোৎসবের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সরকার ঘোষিত বিভিন্ন পূজামণ্ডপে দর্শনার্থীদের সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক আয়োজনের মান বিবেচনায় দুর্গোৎসব শেষে সেরা ১০টি পূজামণ্ডপকে পুরস্কৃত করার ঘোষণা দেন কার্তিক ঘোষ। মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন যাচাই-বাছাই করে এ পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
ফাউন্ডেশনের এ উদ্যোগকে দুর্গোৎসবের আয়োজন আরও সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও নিরাপদ করতে উৎসাহমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে পূজামণ্ডপগুলোর আয়োজকদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হওয়ার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আরও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপের আয়োজকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply