নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় মহানগরীর তল্লা রোডে সাধারণ পাঠাগার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কুতুবউদ্দিন শাহীন এতে সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য অনুপম আদর্শ ও শান্তির বার্তাবাহক। তাঁর জীবনাদর্শ ও নীতিমালা অনুসরণের মাধ্যমে সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।
বক্তারা আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু দ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও সামাজিক ন্যায়ের কবি। সত্য ও ন্যায়ের পক্ষে তিনি আজীবন প্রতিবাদী ছিলেন। তাঁর চিন্তা ও সাহিত্যকর্মে মানবমুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যয় ফুটে উঠেছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সংগঠক অ্যাডভোকেট সাজ্জাদ সারোয়ার।
আলোচনায় অংশ নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কবি হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) সাধারণ সম্পাদক মঈন আহসানসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে কুতুবউদ্দিন শাহীন সাধারণ পাঠাগারের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সবার আন্তরিক উপস্থিতি, সহযোগিতা ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনাদর্শ নিয়ে বক্তারা আলোচনা করেন।
Leave a Reply