নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লার পূর্ব দেলপাড়ায় অবস্থিত সিটি পেপার অ্যান্ড বোর্ড মিলে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেলপাড়ার সিটি পেপার অ্যান্ড বোর্ড মিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন (২৫), পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় এলাকার বাসিন্দা মো. কাসিম উদ্দীনের ছেলে। তিনি ফতুল্লার পূর্ব দেলপাড়ায় লিয়াকত আলীর বাড়িতে স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া থাকতেন। দীর্ঘ আট বছর ধরে তিনি ওই প্রতিষ্ঠানে ডায়ার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীরের ডিউটি ছিল। রাত সাড়ে ১২টার দিকে কাজ করার সময় পেপার ছিঁড়ে যাওয়ায় মেশিন বন্ধ হয়ে যায়। পরে তিনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে মেশিন পরীক্ষা করতে গেলে অসাবধানতাবশত মেশিনের ওপর থেকে নিচে পড়ে যান। এতে তার হাত, কাঁধ ও মাথায় গুরুতর আঘাত লাগে।
সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply