নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় মহাসড়কে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আগুনে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটি নিয়মিত চালাতেন মামুন নামে এক ব্যক্তি। বাসটি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা সড়কের পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply