নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে সাতটি কক্ষের চাল ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুনের মধ্যে গোয়ালঘর থেকে গরুর বাছুর উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক শহীদুল্লাহ। তবে আগুনে পুড়ে মারা গেছে দুটি গাভি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৩টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডের সময় গোয়ালঘর থেকে বাছুর উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দগ্ধ হন বাড়ির মালিক শহীদুল্লাহ। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের সঙ্গে সোমবার দিনের বেলায় তাঁর স্ত্রী সাহিদার ঝগড়া হয়। এর পর সাহিদা বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনার জেরে মনির হোসেন রাতে নিজের ঘরের বিছানার ওপর গ্যাসের সিলিন্ডার তুলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পরে তিনি ঘরের বাইরে থেকে দুটি তালা লাগিয়ে চলে যান। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কক্ষগুলোতে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি কক্ষের চাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত এবং ঘটনার পেছনে কোনো ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply