নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সামনে রেখে অ্যাডভোকেট মোহাম্মদ নবী হোসেন ও অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন প্যানেল পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বক্তব্যে তিনি প্যানেল পরিষদের প্রার্থীদের পরিচয় তুলে ধরে তাঁদের ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
প্যানেল পরিষদে ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মোহাম্মদ নবী হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। তাঁর ব্যালট নম্বর ১।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে প্যানেলের প্রার্থীরা হলেন—অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির (ব্যালট নম্বর ১), অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন (ব্যালট নম্বর ২), ফতেহ মোহাম্মদ রেজা রিপন (ব্যালট নম্বর ৩), রিয়াদ মোহাম্মদ চৌধুরী (ব্যালট নম্বর ৪) এবং মাকছুদুল আলম খন্দকার খোরশেদ (ব্যালট নম্বর ৫)।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে সাধারণ ও আজীবন সদস্যদের মতামত প্রকাশের সুযোগ দেওয়া হলে কয়েকজন সদস্য তাঁদের অভিব্যক্তি তুলে ধরেন এবং নির্বাচনে অংশ নেওয়া প্যানেলের প্রার্থীদের সাফল্য কামনা করেন।
পরিচিতি সভায় প্যানেল পরিষদের প্রার্থীরা নির্বাচিত হলে রেড ক্রিসেন্টের সাংগঠনিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় রেড ক্রিসেন্টের সাধারণ ও আজীবন সদস্যসহ প্রায় তিন শতাধিক ভোটার উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটে এর আগে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি নির্বাচনের আয়োজন হয়নি। এবারের নির্বাচন সেই প্রক্রিয়া চালুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাঁরা আশা প্রকাশ করেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য ও কার্যকরী কমিটি গঠিত হবে।
Leave a Reply