বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানানো হয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর মণ্ডলপাড়া পুলের সামনে থেকে র্যালিটি বের হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে মহানগর যুবদলের আওতাধীন তিনটি থানা ও চারটি ইউনিয়নের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, “সংগ্রাম ও ঐতিহ্যে রূপায়িত সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্নে লালিত এই যুবদল সবসময় গণতন্ত্র ও দেশের স্বাধিকার রক্ষায় কাজ করে এসেছে।”
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়ির দ্বারপ্রান্তে রেখে পালিয়ে গেছে। আজ তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি সরকারে আসার মাধ্যমে দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রকে শক্তিশালী করতে মহানগর যুবদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সদা প্রস্তুত থাকবে।”
সমাবেশে বক্তব্য দেওয়া যুবদল নেতারা সংগঠনের নেতৃত্ব ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন। তারা বলেন, গত ১৭ বছর ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, তারাই সংগঠনের প্রকৃত শক্তি। তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা কিংবা অবমূল্যায়নের চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা।
নেতারা আরও অভিযোগ করেন, কিছু সুবিধাবাদী ব্যক্তি অপকর্মে জড়িয়ে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে ত্যাগী নেতাকর্মীদের আড়াল করার চেষ্টা করছেন। অতীতে বিভিন্ন অপকর্মের অভিযোগে কেন্দ্রীয়ভাবে বহিষ্কৃত ব্যক্তিদের কেউ কেউ এখন ত্যাগী নেতাকর্মীদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন বলেও তারা দাবি করেন।
তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় কে এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে তারা চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সব ধরনের অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছেন। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে ফ্যাসিবাদের অবশিষ্টাংশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন তুষার এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমেদ বাবুসহ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
Leave a Reply