নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. হাবিবুল্লাহ (৩১) নামে এক ব্যবসায়ী। ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারের পিছু নিতে গিয়ে ওই গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে আহত হন তিনি।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ছালু হাজী রোডের মাথায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবিবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, দুপুরে চিটাগাং রোডের দশতলা এলাকার ব্র্যাক ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে টাকার ব্যাগ সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মিজমিজি দক্ষিণপাড়ার বাসার উদ্দেশে রওনা হন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, মৌচাক ছালু হাজী রোডের মাথায় পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা তিন ব্যক্তির মধ্যে একজন জানালা দিয়ে হাত বাড়িয়ে তার কাছে থাকা টাকার ব্যাগটি টান দিয়ে নিয়ে নেয়। এরপর প্রাইভেটকারটি মৌচাক ইউটার্ন ঘুরে চিটাগাং রোডের দিকে চলে যায়।
হাবিবুল্লাহ বলেন, ছিনতাইকারীদের গাড়িটি দেখতে পেয়ে তিনি মোটরসাইকেলে করে সেটির পিছু নেন। একপর্যায়ে মাদানী নগর মাদ্রাসার সামনে পৌঁছালে প্রাইভেটকারটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে আহত হন। পরে ছিনতাইকারীরা প্রাইভেটকারটি নিয়ে কাঁচপুর ব্রিজের দিকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আশপাশের বিভিন্ন স্থাপনা ও সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply