, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় ৬১ পাসপোর্ট ও বিভিন্ন দপ্তরের সীলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বিএনপি নেতার প্রশংসা করে বক্তব্য, সমালোচনায় ফতুল্লা থানার ওসি মাহবুব আলম আড়াইহাজারে সড়ক পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নারী নিহত, শিশু আহত কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স- এর শিয়রে বর্ণ সাহিত্য পত্রের ফুলেল শ্রদ্ধাঞ্জলি সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ১০ ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফতুল্লায় ‘পেটকাটা রকি’ গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপির নতুন কমিটি অনুমোদন, আহ্বায়ক রাতুল ও সদস্য সচিব তারেক ইউনিট কমিটি নিয়ে ক্ষোভ, মহানগর যুবদলে সহিদুল ইসলামের একক কর্মসূচি মাকসুদের ‘নাটক’ নাকি রাজনৈতিক বিরোধ নাকি জমি-সংক্রান্ত দ্বন্দ্ব?

বিএনপি নেতার প্রশংসা করে বক্তব্য, সমালোচনায় ফতুল্লা থানার ওসি মাহবুব আলম

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৩ সেকেন্ডের একটি ভিডিওতে স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করতে শোনা যায় ওসি মাহবুব আলমকে। এ বক্তব্যকে কেন্দ্র করে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সমালোচকরা।

ভিডিওতে ওসি মাহবুব আলমকে বলতে শোনা যায়, “মঞ্চে উপস্থিত আছেন স্বৈরাচারী সন্ত্রাসী এমপির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা যখন কারো ছিল না, তখন রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে যে এই ফতুল্লার মাটি ও মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই সংগ্রামী নেতা। এবং অচিরেই ঘোষণা আসবে, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং-এর সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু।”

একজন পুলিশ কর্মকর্তার মুখে প্রকাশ্য অনুষ্ঠানে একজন রাজনৈতিক নেতাকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে উল্লেখ করার বিষয়টিই মূলত সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের প্রশ্ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তার এমন বক্তব্য কি তার রাজনৈতিক নিরপেক্ষতার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে?

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ফতুল্লার পাগলা বাজার এলাকার যানজট নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আর ওই মঞ্চেই বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে অভিহিত করেন ওসি মাহবুব আলম।

সমালোচকদের দাবি, কোনো রাজনৈতিক দলের নেতাকে প্রকাশ্যে এভাবে প্রশংসা করা একজন থানার ওসির দায়িত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে, পুলিশের একজন কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর প্রতি বিশেষ অনুরাগ বা রাজনৈতিক অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করলে সাধারণ মানুষের কাছে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

সমালোচকদের ভাষ্য, থানার ওসি রাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা। তার কাছে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে সব পক্ষের প্রতি সমান আচরণ প্রত্যাশিত। অথচ প্রকাশ্য অনুষ্ঠানে একজন দলীয় রাজনৈতিক নেতাকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে উপস্থাপন করায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কেউ কেউ এমন বক্তব্যকে অতীতের বিভিন্ন সময়ে প্রশাসনের কর্মকর্তাদের রাজনৈতিক দলের নেতা-কর্মীর মতো আচরণের সঙ্গে তুলনা করছেন। তাদের আশঙ্কা, পুলিশের কোনো কর্মকর্তা প্রকাশ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রতি ঘনিষ্ঠতার বার্তা দিলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সমান আচরণ পাওয়ার বিষয়ে আস্থা হারাতে পারেন।

তবে ভাইরাল হওয়া ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট এবং বক্তব্যের উদ্দেশ্য সম্পর্কে ওসি মাহবুব আলমের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

অভিযোগ ও সমালোচনার বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলমের সরকারি মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে একজন ফোনটি রিসিভ করেন। তিনি বলেন, “ওসি স্যার তো ছুটিতে আছেন। তাকে সোমবারে পাওয়া যাবে।”

ফলে প্রকাশ্যে দেওয়া ওই বক্তব্যের বিষয়ে ওসি মাহবুব আলমের ব্যাখ্যা জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।