নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে অপহরণ মামলার জামিন শুনানি শেষে আদালতের সামনের সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিপরীত পাশে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ঢাকামুখী লেনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত জুয়েল আরমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে, অপহরণ মামলার বাদী জুয়েল হাওলাদারও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগে একটি মামলা করা হয়। ওই মামলায় অভিযুক্ত ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
তবে শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার পর দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়।
আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, অপহরণ মামলার শুনানিতে উভয় পক্ষ আদালতে উপস্থিত ছিল। শুনানি শেষে তারা বাইরে গিয়ে মারামারিতে জড়িয়েছে বলে জেনেছেন তিনি। পরে এক পক্ষ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক অভিযোগও করেছে।
ঘটনার সময় জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন বলে জানা গেছে। দেলোয়ার হোসেন ও তাঁর ছেলের সঙ্গে উজ্জ্বলের ঘনিষ্ঠতা রয়েছে উল্লেখ করে জুয়েল আরমানের অনুসারীদের অভিযোগ, দেলোয়ারের পক্ষ নিয়ে উজ্জ্বলের লোকজনও সংঘর্ষে অংশ নেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল। তাঁর দাবি, ঘটনাস্থলটি তাঁর বাড়ির কাছাকাছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারি দেখে তিনি সেখানে দাঁড়িয়ে উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
আহত জুয়েল আরমানের সঙ্গে থাকা মো. রাসেল অভিযোগ করে বলেন, অপহরণ মামলার শুনানি শেষে তাঁরা অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দেলোয়ার হোসেন, তাঁর দুই ছেলে ও সহযোগীরা তাঁদের ওপর হামলা চালান।
অন্যদিকে, দেলোয়ার হোসেনের দাবি, গত জুনে তাঁকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় তাঁর ছেলে জুয়েল হাওলাদার আদালতে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত জুয়েল আরমান জামিন নিতে আদালতে এলে তাঁর ছেলে ও স্বজনেরা সেখানে উপস্থিত ছিলেন। আদালত থেকে বেরিয়ে তাঁরা চা খাওয়ার জন্য দাঁড়ালে জুয়েল আরমান ও তাঁর লোকজন হামলা চালান।
দেলোয়ার আরও জানান, স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও রাজনৈতিক বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় করা একটি মামলায় তাঁকে আসামি করা হয়েছিল।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে জুয়েল আরমান থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়টি পুলিশ জেনেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply