নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দেওয়ানবাড়ি সংলগ্ন গ্রামীণ ব্যাংকের কাশীপুর শাখার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুই ব্যক্তি এসে ব্যাংকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করলেও অন্ধকারের সুযোগে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি।
পরে এলাকাবাসী বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় ব্যাংকের কার্যালয়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান স্থানীয়রা।
গ্রামীণ ব্যাংকের কাশীপুর শাখার ব্যবস্থাপক চিন্ময় বেপারি বলেন, সকালে বাড়ির মালিক তাঁদের ব্যাংকের সামনে আগুন দেওয়ার বিষয়টি জানান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তিনি আরও বলেন, আগুন লাগার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত না হওয়ায় এখনো থানা-পুলিশকে জানানো হয়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply