শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৩৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) নজরুল ইসলাম আজাদ।
গতকাল রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি উৎসবের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজারীদের খোঁজখবর নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্ত, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে নজরুল ইসলাম আজাদ দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
এ সময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার।’ তাঁর নির্দেশনা অনুযায়ী, পূজামণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, সহকারী অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply