সোনারগাঁয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও বাংলার লোকশিল্প সম্পর্কে জানতে নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে একটি প্রতিনিধিদল নিয়ে তিনি সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে মার্কিন রাষ্ট্রদূত প্রথমে ঐতিহাসিক পানাম নগরী পরিদর্শন করেন। এ সময় তিনি নগরীর শতবর্ষী প্রাচীন ভবন, দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। পানাম নগরীর ঐতিহাসিক গুরুত্ব ও প্রাচীন স্থাপত্য সম্পর্কে তিনি আগ্রহ প্রকাশ করেন।
পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে পৌঁছান। সেখানে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও কারুপল্লী পরিদর্শন করেন। এ সময় বাংলার ঐতিহ্যবাহী জামদানি পল্লীতে তাঁতশিল্পীদের বুননশৈলী, কারুশিল্পের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী শিল্পকর্ম তৈরির কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
সোনারগাঁয়ের প্রাচীন স্থাপত্য ও বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের এ সফরে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক উঠে আসে।
মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে ছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।
এ সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং সফরের বিভিন্ন কার্যক্রমে সঙ্গে ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও লোকশিল্প জাদুঘর দেশের ইতিহাস, ঐতিহ্য এবং কারুশিল্পের গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে। মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনা ও লোকশিল্প সম্পর্কে জানার একটি সুযোগ তৈরি হয়েছে।
Leave a Reply