নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে পিরোজপুর ইউনিয়নের শুকতারা সিএনজি পাম্পের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। র্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজিব বলেন, “জাতীয়তাবাদী যুবদল উড়ে এসে জুড়ে বসেনি। বিগত ১৭ বছর রাজপথে লাগাতার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই আজকের এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশের পথ তৈরি হয়েছে। সেই আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নেতা এখন ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে বসে বৈঠক করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন। অথচ একসময় তাঁদের নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। সোনারগাঁয়ের মানুষ তাঁদের কীভাবে গ্রহণ করবে, সেটি জনগণই নির্ধারণ করবে।”
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ফেসবুকনির্ভর প্রচারণার পরিবর্তে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে সব ধরনের অপশক্তি মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের দরবারে শান্তিপূর্ণ ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, করিম রহমান, সেলিম হোসেন দিপু, সোহেল রানা, ইমরান ফারুক ও আব্দুল মান্নানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে যুবদলের নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক উপস্থিতি তুলে ধরেন।
Leave a Reply