নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকাররা আবারও সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেছেন। ‘পুনর্বাসনের আগে হকার উচ্ছেদ চলবে না’ এ স্লোগানে তারা তাদের দাবির পক্ষে জোরালো অবস্থান জানান। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করেন হকাররা।
এর আগে, গত ১৩ এপ্রিল সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে শহরের ব্যস্ততম সড়ক ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছিল।
সমাবেশ থেকে জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে শতাধিক হকারের মিছিলটি বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খাঁ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বাসার সামনেও অবস্থান নিয়ে পুনর্বাসনের দাবিতে স্লোগান দেন।
হকারদের ভাষ্য, শহরে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার হকার থাকলেও এদিন কয়েকশ’ হকার অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা বলেন, জীবিকার তাগিদে তারা ফুটপাতে বসেন, তাদের আয়ের ওপরই পরিবার নির্ভরশীল। তাই পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করলে তারা চরম সংকটে পড়বেন।
তারা আরও বলেন, মানবিক দিক বিবেচনায় বিকল্প জায়গা নির্ধারণ করে দেওয়ার পরই উচ্ছেদ করা উচিত। পুনর্বাসনের পরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত অন্তত বিকেল পাঁচটার পর ফুটপাতে বসার সুযোগ দেওয়ার দাবি জানান হকাররা।
অন্যদিকে, উচ্ছেদের পর ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। তাদের মতে, দীর্ঘদিন ধরে হকারদের কারণে ফুটপাত ব্যবহার করা যেত না এবং সড়কেও চলাচলে ভোগান্তি ছিল। তারা এই অবস্থা বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. শাখাওয়াত হোসেন খান জানান, ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা চালাতে দেওয়া হবে না। আগে আমাকে আমরা শহরকে নাগরিকদের বসবাসের উপযুক্ত করব। পরবর্তীতে পুনর্বাসনের বিষয়টি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আলোচনায় আসবে।
Leave a Reply