নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. জোবায়ের (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বন্দর থানার এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে মেহেদী হাসান মানিক (২৫)সহ আরও দুই অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে জোবায়েরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে জোবায়েরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, ঘটনার পর থেকেই পুলিশ জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply