নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, চোর ও ডাকাতসহ ১৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন, চোর ১ জন, ডাকাত ৭ জন, ওয়ারেন্টভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্য: নারায়ণগঞ্জ সদর থানায় ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, ৮ মাদকসেবী, নিয়মিত মামলার ২ আসামি ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ২১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, ২৮ মাদকসেবী, এক চোর, ওয়ারেন্টভুক্ত ৫ জন, নিয়মিত মামলার ২ আসামি ও অন্যান্য আইনে ৩ জনসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানায় ১৮ মাদকসেবী, ২ ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানায় ২২ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছেন।
সোনারগাঁও থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, ৬ ডাকাত, ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং নিয়মিত মামলার ২ আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী, ৮ মাদকসেবী ও নিয়মিত মামলার ৫ আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আড়াইহাজার থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও এক ডাকাতসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply