শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং যাতায়াতের সুবিধাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জের দীর্ঘদিনের ঐতিহ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
এদিকে নিতাইগঞ্জের সার্বজনীন লক্ষ্মী মন্দির পরিদর্শনকে ঘিরে ভক্ত ও মন্দির কমিটির সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। সংশ্লিষ্টদের দাবি, মন্দিরটির ১৪৫ বছরের ইতিহাসে এবারই প্রথম নারায়ণগঞ্জের কোনো জেলা প্রশাসক স্বস্ত্রীক মন্দিরটি পরিদর্শন করেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনে মন্দিরের ভক্তবৃন্দ ও কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply