নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফসহ কামরুজ্জামান কামু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার নাওড়া মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার কামরুজ্জামান কামু রূপগঞ্জের নাওড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সুলতান মিয়া এবং মায়ের নাম নুরজাহান বেগম।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিবির গ-জোনের ইনচার্জ মো. মমিনুল ইসলাম ও উপপরিদর্শক (নিরস্ত্র) এ.টি.এম. জহিরুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল নাওড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁর কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply