শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সদর উপজেলার ৬১ নম্বর কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশেরও আয়োজন করা হয়। একই উদ্যোগের অংশ হিসেবে ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে অধিক সময় ব্যয় করছে। এ পরিস্থিতিতে পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, মননশীলতা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিদ্যালয় পর্যায়ে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ শুধু বই পড়ার জায়গা নয়; এটি শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে উঠবে। জলবায়ু সহনশীল ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বৃহত্তর উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশে এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন প্রজন্মের হাত ধরেই একটি সমৃদ্ধ জাতি গড়ে উঠবে। এ সময় তিনি মশক নিধন, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিশুদের নৈতিক ও চারিত্রিক বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, এ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে উঠবে। প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি জ্ঞান, সৃজনশীলতা, মানবিকতা ও মননশীলতায় সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুমাইয়া আশরাফী।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের পাঠাভ্যাস তৈরি ও বিদ্যালয়ে জ্ঞানচর্চার পরিবেশ সমৃদ্ধ করার লক্ষ্যে পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যালয়ভিত্তিক ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
Leave a Reply