পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। তিনি বলেছেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপি। একই সঙ্গে মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সতর্ক থাকার এবং কোথাও নাশকতার চেষ্টা হলে সংশ্লিষ্টদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মনিরুল ইসলাম সজল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে অর্থায়নের মাধ্যমে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, দেশের জনগণ যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, একইভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয়তাবাদী যুবদল ও বিএনপি প্রতিহত করবে।
যুবদল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাই এখনো সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা সজাগ থাকবেন। কোথাও নাশকতার চেষ্টা হলে সংশ্লিষ্টদের আটক করে পুলিশের হাতে তুলে দেবেন।
সজল আরও বলেন, সন্ত্রাসীদের এ দেশে কিংবা নারায়ণগঞ্জে কোনো স্থান নেই। আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে মোকাবিলা করা হবে। এ জন্য নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে মহানগর যুবদলের এই আহ্বায়ক বলেন, জাতীয়তাবাদী যুবদল কখনো পরাজিত হয়নি। ২০২৪ সালের আন্দোলনে যেভাবে বিজয় অর্জিত হয়েছে, আগামীতেও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশের আগে ও পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply