নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সঙ্গে টেলিকমিউনিকেশন খাতের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১৯৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রস্তুত করা অভিযোগপত্রে নাম এসেছে নীট কনসার্ন গ্রুপের দুই পরিচালকের। তারা হলেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জয়নাল আবেদীন মোল্লা ও পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা।
দুদকের তদন্তে উঠে এসেছে, আন্তর্জাতিক ইনকামিং কল ও সেবা রপ্তানির বিপরীতে অর্জিত ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা দেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। এ ঘটনায় শামীম ওসমান, তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি নীট কনসার্ন গ্রুপের এই দুই পরিচালকের সম্পৃক্ততার তথ্য পেয়েছে সংস্থাটি।
অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠান ‘কে কমিউনিকেশন্স লিমিটেড’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন জয়নাল আবেদীন মোল্লা ও তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেন মোল্লা।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান।
তিনি জানান, গত বছরের ১৬ জানুয়ারি দায়ের করা মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। অভিযোগপত্রটি দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমোদনও পেয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু আদালতে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগপত্রে যাদের নাম রয়েছে, তারা হলেন—সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিনান ওসমান অয়ন, শ্যালক তানভীর আহমেদ টিটু, নীট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লা এবং পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা।
দুদকের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
তদন্তে আরও জানা গেছে, ‘কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড’-এর চেয়ারম্যান ছিলেন শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাঁর শ্যালক তানভীর আহমেদ টিটু। অন্যরা প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি ও ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে নীট কনসার্ন গ্রুপের একাধিক রপ্তানিমুখী পোশাক কারখানা রয়েছে। গ্রুপটির মালিক জয়নাল আবেদীন মোল্লা ও তাঁর দুই ভাই জাহাঙ্গীর হোসেন মোল্লা এবং মনির হোসেন মোল্লার সঙ্গে ওসমান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
স্থানীয় পর্যায়ে মোল্লা পরিবারের বিরুদ্ধে ভূমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্যরা আত্মগোপনে গেলে তাঁদের ব্যবসা-বাণিজ্য দেখভালের দায়িত্ব নেন জয়নাল আবেদীন মোল্লা ও জাহাঙ্গীর হোসেন মোল্লা। এ ছাড়া বিভিন্ন হত্যা, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আজমেরী ওসমানকেও নীট কনসার্নের পাঠানটুলির প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি গোদনাইলের লক্ষ্মীনারায়ণ কটন মিলের দুর্গামন্দিরের জায়গা দখলচেষ্টার অভিযোগেও আলোচনায় আসে নীট কনসার্ন। মন্দিরে ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগে পুলিশ মনির হোসেন মোল্লা ও প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ইব্রাহিমকে আটক করে। পরে মন্দিরে প্রবেশে আর বাধা না দেওয়ার বিষয়ে মুচলেকা দিয়ে তাঁরা ছাড়া পান বলে জানা গেছে।
দুদকের তদন্তে বলা হয়েছে, টেলিযোগাযোগ খাতের ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে অর্থ পাচারের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার হস্তান্তর করা হয়। এর মাধ্যমে প্রকৃত মালিকানা আড়াল করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে দুদক।
মামলার তদন্তের শুরুতে শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি সামনে এলেও পরবর্তী তদন্তে নীট কনসার্ন গ্রুপের দুই পরিচালকের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
দুদকের অভিযোগপত্র আদালতে দাখিলের প্রস্তুতি চলায় এখন বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের বিষয়টি সামনে আসছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের কাউকেই অপরাধী হিসেবে গণ্য করার সুযোগ নেই।
Leave a Reply