নারায়ণগঞ্জের বন্দরে ইসলামি বক্তা ও সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। স্থানীয় আলেম-ওলামাদের একাংশের আপত্তি ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার পর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে মাহফিল আয়োজনে সম্মতি জানানো হয়েছে। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মাহফিল অনুষ্ঠিত হতে আর কোনো বাধা থাকছে না।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ‘আমরা সকলে ১৭ বছর নির্যাতিত হয়েছি। আমরা সকলে এক জায়গায় এসেছি যে সুন্দর করে মাহফিল হবে। এ মাহফিলে আমির হামজা সাহেবের বক্তব্যে আলেম-ওলামাদের নিয়ে যে মন্তব্য আছে, সেটা খোলাসা করে সকলের মনের কষ্ট দূর করে দেবেন। আমরা আশা করি, আমির হামজা সাহেবের বক্তব্যে সকল আলেম-ওলামা খুশি হবেন। এটা ইসলামের বিজয় হয়েছে। এটা ইসলামের সৌন্দর্য।’
সোমবার রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একাংশের আপত্তির কারণে মাহফিল আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে এ পরিস্থিতির মধ্যেও আয়োজকেরা মাহফিলের প্রস্তুতি অব্যাহত রাখেন। শেষ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বারের। এতে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক ইসহাক খান।
এর আগে মাহফিল আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন বলেন, ‘একজন বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দিয়ে এলাকার শান্তি বিনষ্ট করবে, এটা আমরা হতে দিতে পারি না। এ ছাড়া পোস্টারে যাদের নাম ব্যবহার করা হয়েছে, তাদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল।’
একই বিষয়ে জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন কাসেমী বলেন, ‘আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই। তবে কোনো বিতর্কিত বক্তাকে আমরা মেনে নেব না। আমির হামজার মতো বিতর্কিত ব্যক্তিকে আমরা বক্তা হিসেবে দেখতে চাই না। প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে এবং এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।’
অন্যদিকে, রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাহফিলের প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ। এ সময় তিনি বলেন, আমির হামজার আগমন উপলক্ষে এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবাইকে সঙ্গে নিয়ে তাঁরা মাহফিল উপভোগ করতে চান। এ জন্য তিনি সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান।
প্রশাসনের সম্মতির মধ্য দিয়ে মাহফিল আয়োজন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কাটলেও অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া ও সার্বিক পরিস্থিতির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
Leave a Reply