নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রনির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, তাঁর পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আলামিন নামে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন বলে দাবি করেন রাকিবুল।
তাঁর দাবি, দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের ঝগড়া হয়েছিল। ওই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানান, আটক আলামিন সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর ছেলে। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনি নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
Leave a Reply